চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র হলেও নগরবাসীকে জলাবদ্ধতা, যানজট, বায়ুদূষণ, স্বাস্থ্যসেবার ঘাটতি ও অপর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সমস্যায় ভুগতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে বিচ্ছিন্ন প্রকল্পের বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন; আর জাতীয় বাজেটে চট্টগ্রামের জন্য ন্যায্য বরাদ্দ যেমন দিতে হবে, তেমনি এর সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে।
গতকাল সোমবার সকালে আয়োজিত ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: চট্টগ্রাম পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথাগুলো বলেন বক্তারা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। চট্টগ্রাম নগরের তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের একটি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তারা জাতীয় বাজেটে চট্টগ্রামের অর্থনৈতিক অবদানের পাশাপাশি নগরবাসীর নাগরিক চাহিদা ও জীবনমানের বিষয়টিও গুরুত্ব পেতে হবে। শুধু বড় অবকাঠামো নির্মাণ নয়, প্রকল্পের প্রয়োজনীয়তা, বাস্তবায়ন ও সুফল নিশ্চিত করতে হবে।


