রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে গত শনিবার বিকেলে বাসে করে কারওয়ান বাজার আসেন শিহাব উদ্দিন। উদ্দেশ্য কারওয়ান বাজারে বাটার একটি বিক্রয়কেন্দ্র থেকে ভালোমানের জুতা কেনা। কিন্তু বাটার জুতা কিনতে সেই মিরপুর থেকে কারওয়ান বাজারে কেন?
শিহাব বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি টিউশনি করে নিজের খরচ চালান। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য নতুন জুতা কেনা প্রয়োজন। কিন্তু হাতে বেশি টাকা নেই। এক বন্ধুর কাছে শুনেছেন যে কারওয়ান বাজারে মেট্রোস্টেশনের পাশে বাটার শোরুমে বিশেষ ছাড়ে সারা বছর জুতা বিক্রি হয়। এ জন্য এখানে এসেছেন।
অবশ্য জুতা কিনতে শিহাবের লম্বা পথ আসার কষ্ট একেবারে বৃথা যায়নি। মাত্র ৬০০ টাকায় এক জোড়া জুতা কিনেছেন তিনি। জুতা কিনে ফেরার পথে শিহাব প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে আমার খুবই উপকার হলো। এই জুতা অন্য শোরুম থেকে কিনলে প্রায় এক থেকে দেড় হাজার টাকা লাগত। প্রায় ৬০ শতাংশ ছাড়ে কিনতে পেরেছি।
শিহাবের মতো অনেকেই এখানে আসেন কম দামে জুতা কিনতে। বাটার এই শোরুমটি কারওয়ান বাজারে বিএসইসি ভবন এবং মেট্রোস্টেশনের পাশে অবস্থিত। বিক্রয়কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন ধরনের জুতার প্রকৃত মূল্যের ওপরে ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে।


