ছবির উৎস, Martti Pärssinen & Fabio de Novaes
ব্রাজিলের আমাজন জঙ্গলের গভীরে লুকানো শত শত মাটির কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা সম্ভবত লক্ষ লক্ষ মানুষের এক প্রাচীন সভ্যতা তৈরি করেছিল।
ঘন জঙ্গলে মাটির নিচে খনন করা এই বিশাল কাঠামোগুলোকে - যা জিওগ্লিফ নামে পরিচিত - হাজার হাজার বছর আগে প্রধান নদীগুলো থেকে অনেক দূরে একটি এলাকায় নির্মিত হয়েছিল।
"গ্রিসে যখন পিথাগোরাস তার উপপাদ্যটি বিকশিত করছিলেন, ঠিক সেই সময়েই এই লোকেরা আমাজনে বিশাল জ্যামিতিক শিল্পকর্ম তৈরি করছিল," বলেন জীবাশ্মবিজ্ঞানী আলসেউ রানজি, যিনি আমাজন জিওগ্লিফস ইনস্টিটিউটের সভাপতি এবং দলের অন্যতম সদস্য।
‘নেচার’ জার্নালে প্রকাশিত গবেষণাটি স্পেন, ফিনল্যান্ড, ব্রাজিল ও ডেনমার্কের বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী দ্বারা পরিচালিত হয়েছিল।
তারা লাইডার (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) নামে একটি প্রযুক্তি ব্যবহার করে ঘন জঙ্গলের উপরিভাগ স্ক্যান করেছিল, যা লেজার পালস ব্যবহার করে দূরত্ব পরিমাপ করে এবং জটিল ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে।
এর ফলে গাছপালা না কেটে বা প্রতিটি স্থানে সশরীরে না গিয়েই বিশাল এলাকা বিশ্লেষণ করা সম্ভব হয়।
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন
"আমাজনে এটিই ছিল প্রথম সত্যিকারের উচ্চাভিলাষী লাইডার জরিপ," বলেন হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক, নৃবিজ্ঞানী এবং গবেষণাপত্রের সহ-লেখক মার্টি পার্সিনেন।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।


