স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
রিপোর্টিংয়ে মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা
ছবির উৎস, Anadolu via Getty Images
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে বলে স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এর আগে জানানো হয়েছিল যে, গুরুতর আহত অবস্থায় আরও বহু মানুষ চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, “আজ পুরো স্পেন শোকাচ্ছন্ন” বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থাপিত জরুরি কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, “অনেক জীবন চুরমার হয়ে গেছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে পড়েছে; এই যন্ত্রণা অপরিসীম।”
স্পেনের সিভিল গার্ডের প্রকাশ করা ড্রোনের ছবিতে দুর্ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা দেখা গেছে।
লাইনচ্যুত ট্রেনের বগিগুলোর চারপাশে অসংখ্য গাড়ি ও অ্যাম্বুলেন্স রয়েছে।
উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। সেখানে মাটিতে শুয়ে থাকা আহত ব্যক্তিদেরও দেখা গেছে।
ট্রেন দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেগুলো যাচাই করেছে বিবিসি ভেরিফাই।
যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে উল্টে পড়ে আছে।


