ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলেই মনে হচ্ছে।
ইসরায়েলের দু'টি প্রধান গণমাধ্যমে প্রকাশিত সবশেষ বুথফেরত জরিপের ফলাফল বলছে, দু'টি জোটই ৫১টি করে আসন পেতে যাচ্ছে। যদিও তৃতীয় আরেকটি গণমাধ্যমের তথ্যে বেনিয়ামিন নেতানিয়াহু'র জোট সামান্য ব্যবধানে এগিয়ে আছে বলে আভাস দিচ্ছে।
কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশটির পার্লামেন্ট 'নেসেটে' কমপক্ষে ৬১টি আসন পেতে হবে, যা কোনো জোটই নিশ্চিত করতে পারছে না।
ফলে কীভাবে সরকার গঠিত হবে এবং শেষপর্যন্ত কারা ক্ষমতা গ্রহণ করবে, সেটি নিয়ে নানান জল্পনা-কল্পনা হতে দেখা যাচ্ছে।
নেতানিয়াহু'র বিশ্বাস এবারও তারা বিজয়ী হবেন। সরকারিভাবে প্রকাশিত ফলাফলের জন্য অপেক্ষা করছেন জানিয়ে তিনি বলেছেন, ভোটে জিতলে একটি 'শক্তিশালী ডানপন্থী' জাতীয় সরকার গঠন করবেন।
'আরব দলগুলোর সমর্থন' নিয়ে সরকার গঠন করা কোনো দল ইসরায়েলকে পরিচালনা করতে পারে না বলেও মন্তব্য করেছেন লিকুদ পার্টির এই নেতা।
অন্যদিকে, মধ্যপন্থী জোটের নেতা আইজেনকোট সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ইসরায়েল এবার নেতানিয়াহুর মেয়াদ শেষ করার পক্ষে রায় দিয়েছে।
"আমরা ইতিহাস তৈরি করেছি," উচ্ছ্বাস প্রকাশ করে করে সমর্থকদের বলেন আইজেনকোট।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল


